ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী
সুত্র: কালেক্টেড
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকায় শনিবার প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম এ খবর জানিয়েছে। একই সঙ্গে মোচা শহরেও প্রায় ২০টি হামলার খবর প্রকাশ করা হয়েছে।
সানা থেকে এএফপি জানায়, হুতিদের আল-মাসিরা টেলিভিশন সানায় একাধিক বিমান হামলার খবর জানিয়েছে। এর মধ্যে একটি বাড়িতে চালানো হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়। সানা প্রদেশের একটি সিমেন্ট কারখানায় পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। এর আগে জোটটি জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তাইফ ও ইয়ানবুর দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দেশটির পশ্চিমাঞ্চলের চারটি এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল।
উল্লেখ্য, সৌদি আরব ২০১৫ সালে ইয়েমেনের সংঘাতে প্রথম সামরিক জোটের নেতৃত্ব দিয়ে হস্তক্ষেপ করে। ২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত অনেকটা স্তিমিত হলেও বৃহত্তর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত আবারও শুরু হয়।



